‘আরো কিছুক্ষণ’: ব্যস্ত ঢাকা শহরে দুই অচেনা হৃদয়ের এক টুকরো মায়াবী গল্প
শাফিন আহমেদ ও সাদিয়া আয়মান জুটি অভিনীত এবং রুবায়েত মাহমুদের রচনা, সংলাপ ও পরিচালনায় ‘আরো কিছুক্ষণ’ একটি অত্যন্ত চমৎকার ও মন ছুঁয়ে যাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
গল্পটি যান্ত্রিক ঢাকা শহরের বুকে লুকিয়ে থাকা এক চিলতে মানবিকতা এবং দুজন অচেনা মানুষের সুন্দর সম্পর্কের আখ্যান ফুটিয়ে তুলেছে। অন্তর্জালে প্রকাশিত এই চলচ্চিত্রের রিভিউ লিখেছেন তানজিল আহমেদ জনি।
গল্পের সূচনা ও বাস্তবতার মেলবন্ধন
গল্পের নায়িকা রুপা (সাদিয়া আয়মান) টাঙ্গাইল থেকে তার জীবনের প্রথম ইন্টারভিউ দিতে ঢাকা শহরে আসে. কিন্তু বাস থেকে নামার পরপরই তার ফোন, টাকা এবং দরকারি কাগজপত্রসহ ব্যাগটি চুরি হয়ে যায়। সেখানে তার সাথে এক বাইক রাইডারের (শাফিন আহমেদ) পরিচয় হয়। নিজের বাইকের ভাঙাচোরা অবস্থা এবং সঠিক কাগজপত্র না থাকার ভয় উপেক্ষা করে সেই রাইডার রুপাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এমনকি রাস্তায় ট্রাফিক পুলিশের হয়রানি থেকে বাঁচতে হাসপাতালে যাওয়ার এক মজার মিথ্যা নাটকও তারা তৈরি করে।
ব্যস্ত শহরের বুকে উষ্ণতা ও জীবনদর্শন
‘আরো কিছুক্ষণ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সবচেয়ে সুন্দর দিক হলো এর সহজ-সরল সংলাপ এবং সম্পর্কের গভীরতা। রাইডারের কথায় ফুঁটে উঠা জীবনের দর্শন রুপার পাশাপাশি দর্শককেও গভীরভাবে স্পর্শ করে। এরপর তাদের একসাথে চায়ের দোকানে বসে সস্তায় চা-রুটি খাওয়া এবং হাতিরঝিলের বাতাসে কিছুটা সময় কাটানোর দৃশ্যগুলো এক অদ্ভুত প্রশান্তি দেয়। ঢাকার মশা, জ্যাম এবং স্বার্থপর মানুষের ভিড়েও যে এই শহরের প্রতি একটা অদ্ভুত মায়া ও নেশা তৈরি হয়, তা রুপা এবং রাইডারের কথোপকথনের মাধ্যমে সুন্দরভাবে উঠে এসেছে।
নগর-যন্ত্রের কড়া বাস্তবতায় বুনন করা সহজ-সরল জীবনের বয়ান
ঢাকার যান্ত্রিকতা ও একাকীত্বের সহজ স্বীকারোক্তি: টাঙ্গাইল থেকে এসে ব্যাগ হারিয়ে ফেলার পর ঢাকা শহর সম্পর্কে রুপার করা প্রথম মন্তব্যটি ছিল খুবই বাস্তবসম্মত ও আবেগময়:
“চারিপাশে শুধু পাথর রাস্তায় পাথর রাস্তার পাশে পাথর মানুষের মনেও পাথর কোন মায়া নাই”।
গভীর জীবনদর্শন ও সান্ত্বনা: ইন্টারভিউ নিয়ে চরম দুশ্চিন্তায় থাকা রুপাকে শান্ত করতে বাইক রাইডারের বলা কথাটি দর্শককে জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়:
“অত চাপ নিয়েন না জীবন বহমান চাকরি হইলেও জীবন বহমান চাকরি না হইলেও জীবন বহমান”।
সিচুয়েশনাল কমেডি ও চটজলদি মিথ্যা: গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় ট্রাফিক পুলিশের হাত থেকে বাঁচতে রাইডার যেভাবে নিজের দূরসম্পর্কের আত্মীয়তার এক অদ্ভুত ও জটিল সমীকরণ বানিয়ে হাসিমুখে মিথ্যা বলে পার পেয়ে যায়, তা নাটকে দারুণ হাস্যরসের সৃষ্টি করে:
“আমার খালা মানে ওর মা তারা একসাথে বিবাহ করছে… আত্মীয়তা করার কারণে সে আমার অর্ধেক খালা তো বোন হয়ে গেছে আর অর্ধেক চাচা তো বোন হয়ে গেছে…”।
ঢাকার প্রতি অদ্ভুত ভালোলাগা ও নেশা: জ্যাম, মশা ও ধুলাবালির এই শহরকে মানুষ কেন ঘৃণা করেও ছেড়ে যেতে পারে না, তা রাইডারের একটি সংলাপে খুব সুন্দরভাবে ধরা পড়েছে:
“এই শহরে একটা অদ্ভুত নেশা আছে অনেক ময়লা অনেক মশা বুয়ার রান্না ভালো না ট্রাফিক এক্সাম অনেক স্বার্থপর মানুষ তাও এই শহরটা ছাড়তে পারলাম না…”।
কঠিন বাস্তবতার বুকে চায়ের উষ্ণতায় বোনা গভীর এক আত্মার টান
চায়ের দোকানের সহজ ও আন্তরিক সংলাপ: সকাল থেকে কিছু না খাওয়া এবং চক্কর দিয়ে মাথা ঘোরার কারণে রাইডারের অনুরোধে তারা একটি চায়ের দোকানে বসে। এই দৃশ্যটির সংলাপগুলো একদিকে যেমন মজার, অন্যদিকে তেমনই চরিত্র দুটির মনস্তত্ত্ব প্রকাশ করে। বিশেষ করে রুপার কন্ঠে “কি অদ্ভুত দিন যাচ্ছে আমার চা রুটি খেয়ে একটা অচেনা লোকের সাথে একটা অচেনা শহরে ঘুরে বেড়াচ্ছি” সংলাপটি। অন্যদিকে রূপার ভালো পড়াশোনা এবং সুন্দর চেহারার প্রশংসা করে রাইডার তাকে সান্ত্বনা দেয় যে তার চাকরিটা হয়ে যাবে।
কুকুরপ্রেমী বনাম নিজের জীবন: চায়ের দোকানে বসে রাইডার কিছুটা আক্ষেপের সুরে বলে যে, আজকাল চারদিকে সবাই কুকুর-বিড়াল নিয়ে ব্যস্ত, অথচ কত মানুষ না খেয়ে মরছে। রূপা যখন প্রাণীদের ক্ষুধার পক্ষে কথা বলে, তখন রাইডার রসিকতা করে বলে,”আমারও তো একটা জীবন আছে আফসোস কেউ কোনদিন আমারে নিয়ে এরকম করে ভাবলো না”।
বিরিয়ানির অপূর্ণ ইচ্ছে: রাইডার আক্ষেপ করে বলে যে পকেটে টাকা থাকলে সে রূপাকে বিরিয়ানি খাওয়াতো, কিন্তু রূপা খুব মিষ্টিভাবে উত্তর দেয়,”চা রুটিও কিন্তু খারাপ লাগছে না”।
গল্পের ক্যানভাসে মিষ্টি ছন্দে বাঁধা দূরন্ত অনুরাগের রসায়ন
রূপা এবং রাইডারের সম্পর্কটি গড়ে উঠেছে খুবই অল্প সময়ের ব্যবধানে, কিন্তু এর গভীরতা ছিল অসাধারণ:
শহরের প্রতি টান: রাইডারের জ্যাম ও মশায় ভরা ঢাকা শহরকে ভালোবাসার দর্শন রূপাকেও প্রভাবিত করে। সেও একমত হয় যে, এই শহরে চাকরি হলে সেও এই শহরের মায়ায় পড়ে যাবে।
রাইডারের আকুলতা: এক আকস্মিক দুর্ঘটনার পর মাথায় আঘাত পেয়েও রাইডার চেতনা ফিরেই হন্যে হয়ে রূপাকে খুঁজতে বাস স্ট্যান্ডে ছুটে যায়। মাথায় ব্যান্ডেজ বাঁধা রূপাকে সে টাঙ্গাইলের বাসে খুঁজে পায়।
হেলমেটের উছিলা: রূপা বাসে উঠেও না যাওয়ার কারণ হিসেবে জানায় যে রাইডারের হেলমেটটি তার কাছে রয়ে গিয়েছিল। মূলত এটি ছিল বিদায়ের আগে তাকে আরেকবার দেখার এক মিষ্টি অজুহাত।
আমন্ত্রণ: রূপা রাইডারকে নিজের শহরে (টাঙ্গাইলে) আসার আমন্ত্রণ জানায় এবং প্রতিশ্রুতি দেয় যে সেখানে সে তাকে বিরিয়ানি খাওয়াবে।
আবহসঙ্গীত ও গানের জাদুকরী ছোঁয়া
‘আরো কিছুক্ষণ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আবহসঙ্গীত কেবল দৃশ্যগুলোর পেছনে বাজেনি, বরং তা গল্পের আরেকটি অদৃশ্য চরিত্র হিসেবে কাজ করেছে। বিশেষ করে নির্মাতার নিজের লেখা গানের কথা, জাহিদ নিরবের ব্যাকগ্রাউন্ড মিউজিক, রিপন চৌধুরীর চিত্রগ্রহণের আবেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
আবেগের বহিঃপ্রকাশ: রূপা ও রাইডার যখন হাতিরঝিলের শান্ত পরিবেশে সময় কাটাচ্ছিল এবং পরে রূপার বিদায়ের ঠিক আগের মুহূর্তগুলোতে, তখন ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠা গানের লিরিকসগুলো পুরো পরিবেশকে মায়াবী করে তোলে:
“এ শহরে হঠাৎ দেখা তোমার ভেজা নয়ন, এ সময়ে যদি রয়ে যায় আরো কিছুক্ষণ…”
শহুরে একাকীত্ব ও মায়ার সুর: গানটির আরেকটি অংশ ঢাকার নিঃসঙ্গতা ও দুজন মানুষের মুখোমুখি হওয়ার মুহূর্তটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে:
“তোমায় ঘিরে শহরে এ আয়োজন, গল্প সব রাতের জোনাকি তখন, আমি তুমি আমরা যখন মুখোমুখি…”।
আবেগঘন সমাপ্তি
গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত উভয়ের দেখা ও দুজনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং রাইডারের হন্যে হয়ে রুপাকে খোঁজার দৃশ্যটি শর্ট ফিল্মে এক অন্যরকম আবেগ যোগ করেছে। একদম শেষ মুহূর্তে বাস স্ট্যান্ডে রুপার বাসের দেখা পাওয়া, হেলমেট ফেরত দেওয়া, টাঙ্গাইলে আসার মিষ্টি আমন্ত্রণ এবং সবশেষে টাকা পাঠানোর জন্য বিকাশ নম্বর চাওয়া ছাড়াও টেকনিক্যাল জায়গা থেকে সম্পাদনা, কালার গ্রেডিং, পোশাক, রুপসজ্জা ইত্যাদি সব মিলিয়ে এক কথায়, সহজ-সরল সংলাপের চিত্রনাট্য আর চমৎকার গানের সুর সব কিছু মিলিয়ে ‘আরো কিছুক্ষণ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দর্শকের হৃদয়ের খুব কাছাকাছি নিয়ে যেতে সক্ষম হয়েছে।
তানজিল আহমেদ জনি/ বিনোদন/ থার্ড আই/ ৪ সেপ্টেম্বর ২০২৬
