ইউরোপের রেসিডেন্সি: বসনিয়া ওয়ার্ক ও বিজনেস ভিসা!
ইউরোপের বুকে আজানের ধ্বনি, চোখ জুড়ানো প্রকৃতি আর খুব সহজেই অল্প টাকায় নিজস্ব ব্যবসা শুরু করে পরিবারসহ স্থায়ী বসবাসের সুযোগ—এ যেন কোনো রূপকথা! কোনো আইএলটিএস (IELTS), বিশাল ব্যাংক ব্যালেন্স কিংবা এজেন্টের পেছনে লাখ লাখ টাকা ঢালার ঝামেলা ছাড়াই মাত্র ১.৫ থেকে ৩ লাখ টাকার বাজেটে ইউরোপের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বসনিয়া এন্ড হার্জেগোভিনায় কর্মসংস্থান ও রেসিডেন্সি অর্জনের বিষয়ে বিস্তারিত লিখেছেন তানজিল আহমেদ জনি।
বসনিয়া মধ্যবিত্তের জন্য কেন সেরা সুযোগ?
দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশ বসনিয়া এন্ড হার্জেগোভিনা। দেশটির প্রায় ৫০% মানুষ মুসলিম, রাজধানী সারায়েভোতেই রয়েছে ৫০০টিরও বেশি মসজিদ এবং সহজে মেলে হালাল খাবার ও আজানের ধ্বনি।
ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বসনিয়ার বিশেষ সুবিধাগুলো হলো:
আইএলটিএস (IELTS) বাধ্যতামূলক নয়।
উচ্চমানের ডিগ্রি বা বড় ব্যাংক ডিক্লেয়ারেশন লাগে না।
ভাষা পরীক্ষার কঠিন বাধ্যবাধকতা ছাড়াই প্রাথমিক ভিসা পাওয়া যায়।
মাত্র ১ বসনিয়ান মার্ক বা বাংলাদেশি টাকায় ৬৭ টাকায় কোম্পানি খোলার আইনি সুযোগ রয়েছে।
এজেন্ট ছাড়াই ১.৫ থেকে ২.৫ লাখ টাকায় বসনিয়ার ওয়ার্ক ভিসা
বসনিয়ায় বর্তমানে জন্মহার হ্রাস ও তরুণদের সেন্ট্রাল ইউরোপমুখী হওয়ার কারণে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে কনস্ট্রাকশন, হোটেল-রেস্তোরাঁ (হসপিটালিটি), ম্যানুফ্যাকচারিং ও কৃষিতে (মৌসুমী কাজ) বিপুল কাজের সুযোগ তৈরি হয়েছে।
আয় ও জীবনযাত্রার খরচ:
বেতন: সমস্ত ট্যাক্স ও সামাজিক অবদানের পর একজন শ্রমিক প্রতি মাসে নিট ১,০০০ থেকে ১,০২৭ বসনিয়ান মার্ক (বাংলাদেশি টাকায় প্রায় ৭০,০০০ থেকে ১,০০,০০০ টাকা) হাতে পেয়ে থাকেন। দক্ষ কর্মীদের বেতন এর চেয়েও বেশি।
মাসিক খরচ: দু’জন মিলে রুম শেয়ার করলে বাসা ভাড়া ১০,০০০-১৩,০০০ টাকা, খাওয়া ২০,০০০ টাকা এবং যাতায়াত ও ইন্টারনেটে ৮,০০০ টাকা সহ মোট ৩০,০০০-৩৫,০০০ টাকায় স্বাচ্ছন্দ্যে থাকা যায়।
ভিসা আবেদনর প্রক্রিয়া:
চাকরি খোঁজা: বসনিয়ার জনপ্রিয় জব পোর্টাল posao.ba, poslovi.ba অথবা আইটি খাতের জন্য it-poslovi.ba এবং LinkedIn-এ সরাসরি সার্কুলার পর্যবেক্ষণ করুন।
নিয়োগকর্তাকে ইমেইল: প্রতিদিন ১০-২০টি প্রতিষ্ঠানে সরাসরি সিভি (CV) ও কাভার লেটার মেইল করুন। মেইলের সাবজেক্ট লাইনে “Experienced Worker Ready to Relocate – No Agent” লিখলে নিয়োগকর্তারা বেশি প্রাধান্য দেয়।
সিজনাল ওয়ার্ক পারমিটের ট্রিক: জুন থেকে সেপ্টেম্বর বসনিয়ায় ট্যুরিজম সিজন চলে। ফেব্রুয়ারি-মার্চ মাসে ৯০ থেকে ১৮০ দিনের সিজনাল ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ (সফলতার হার ৮০%)। পরে সেখানে গিয়ে নিজের দক্ষতা দেখিয়ে ফুল-টাইম ভিসায় কনভার্ট করা সম্ভব।
ওয়ার্ক পারমিট অনুমোদন: নিয়োগকর্তা বসনিয়ান এমপ্লয়মেন্ট সার্ভিস থেকে লেবার মার্কেট টেস্ট সম্পন্ন করে আনুমানিক ১৫ দিনে ওয়ার্ক পারমিট তুলে দেবে।
এমবেসি ফেস ও ভিসা সংগ্রহ: বাংলাদেশে এম্বেসি না থাকায় ভারতের নয়াদিল্লিতে অবস্থিতবসনিয়া এম্বেসিতে গিয়ে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে বায়োমেট্রিক ও ডকুমেন্ট জমা দিতে হবে (গালফ প্রবাসীরা আবুধাবি এম্বেসি থেকে আবেদন করতে পারবেন)। ভিসা ফি মাত্র ১১৩ ডলার (প্রায় ১৩,০০০-১৪,০০০ টাকা)।
ফ্লাইট ও রেসিডেন্স পারমিট: ঢাকা থেকে ইস্তাম্বুল হয়ে সারায়েভো পৌঁছানো যায় (ইস্তাম্বুলে ট্রানজিট ভিসা লাগে না)। পৌঁছানোর ৪৮ ঘণ্টার মধ্যে স্থানীয় পুলিশ স্টেশনে নাম নিবন্ধন এবং সার্ভিস অব ফরেনার্স অ্যাফেয়ার্স (SPS) অফিসে টেম্পোরারি রেসিডেন্সের আবেদন করতে হয়।
প্রয়োজনীয় ডকুমেন্টেশন:
পাসপোর্ট (সর্বনিম্ন ৬ মাস মেয়াদ), ভিসা ডি আবেদন ফরম, পাসপোর্ট সাইজ ছবি (35x45mm), ওয়ার্ক পারমিট কপি, চাকরির চুক্তিপত্র, এসপিএস সার্টিফাইড ইনভিটেশন লেটার, থাকার জায়গার প্রমাণপত্র, হেলথ ইন্স্যুরেন্স, শিক্ষাগত/প্রশিক্ষণ সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স (PCC), মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ব্যাংক ব্যালেন্স (নূন্যতম ১ লাখ টাকা)।
মাত্র ৬৭ টাকায় কোম্পানি খুলে ইউরোপীয় রেসিডেন্সি
নিজে উদ্যোক্তা হয়ে বসনিয়ায় স্থায়ী হতে চাইলে সবচেয়ে সস্তা ও কার্যকর মাধ্যম হলো নিজের কোম্পানি লালন করা।
৬৭ টাকায় কোম্পানি গঠনের আসল রহস্য:
বসনিয়া এন্ড হার্জেগোভিনায় দুটি প্রশাসনিক অঞ্চল রয়েছে: রিপাবলিকা স্পার্সকে (Republika Srpska) এবং ফেডারেশন অব বিআইএইচ (Federation of BiH)।
রিপাবলিকা স্পার্সকে (বানজালুকা বা বিয়েলিনা শহর): এখানে একটি লিমিটেড (D.O.O) কোম্পানি নিবন্ধনের নূন্যতম মূলধন মাত্র ১ বসনিয়ান মার্ক (বাংলাদেশি টাকায় ৬৭ টাকা)! এই অঞ্চলের নিবন্ধিত কোম্পানি দিয়ে পুরো বসনিয়া জুড়ে যেকোনো ব্যবসা পরিচালনা করা যায়।
ফেডারেশন অব বিআইএইচ (সারায়েভো অঞ্চল): এখানে ন্যূনতম মূলধন লাগে ১,০০০ মার্ক (প্রায় ৬৭,০০০ টাকা)।
ব্যবসা ও রেসিডেন্সি প্রক্রিয়ার ধাপসমূহ:
ট্যুরিস্ট ভিসায় যাত্রা: প্রথমে বসনিয়ার ট্যুরিস্ট ভিসা (টাইপ-সি, মেয়াদ ৯০ দিন) নিয়ে দেশে প্রবেশ করতে হবে। ট্যুরিস্ট ভিসার জন্য ব্যাংক ব্যালেন্স ৩-৫ লাখ টাকা দেখানো নিরাপদ।
লোকাল আইনজীবী (Advokat) নিয়োগ: পৌঁছানোর ১ম দিনেই একজন স্থানীয় উকিল নিয়োগ করতে হবে, যাঁর ফি আনুমানিক ২০০-৫০০ ইউরো।
কোম্পানি পেপারস ও ট্যাক্স আইডি: ১৫-২০ দিনের মধ্যে আইনজীবী মিউনিসিপাল কোর্টে নাম রিজার্ভেশন, নোটারি, পিআইবি (ট্যাক্স আইডি) ও কোম্পানির সিল তৈরি করে দেবেন।
টেম্পোরারি রেসিডেন্স আবেদন: কোম্পানি গঠিত হওয়ার পর এসপিএস (SPS) অফিসে ১ বছরের নবায়নযোগ্য টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন জমা দিতে হয়।
মোট বাজেট: টিকেট, ভিসা, উকিল ফি, কোম্পানি রেজিস্ট্রেশন ও ১ম মাসের থাকা-খাওয়া মিলিয়ে মাত্র ১.৮ থেকে ৩ লাখ টাকার মধ্যেই পুরো প্রসেস সম্পন্ন করা সম্ভব।বসনিয়ায় কর্পোরেট ট্যাক্স ও ইনকাম ট্যাক্স উভয়ই মাত্র ১০ শতাংশ, যা ইউরোপের মধ্যে অন্যতম সর্বনিম্ন।
জনপ্রিয় ও লাভজনক ব্যবসার সুযোগ:
আইটি ও ফ্রিল্যান্সিং জেনারেট করা কোম্পানি: ক্লায়েন্ট থাকবে বিদেশে (ডলারে আয়), আর খরচ হবে স্থানীয় মুদ্রায়।
হালাল ট্যুর এজেন্সি: বিশেষ করে আরব বিশ্বের পর্যটকদের জন্য হালাল ট্রাভেল সার্ভিস দেওয়া।
ইমপোর্ট-এক্সপোর্ট: বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পাটপণ্য ইত্যাদি বসনিয়ায় আমদানি করা।
হালাল রেস্তোরাঁ: দেশীয় বা ইন্ডিয়ান খাবারের রেস্তোরাঁ স্থাপন।
স্থায়ী বসবাস (PR) ও নাগরিকত্বের দীর্ঘমেয়াদী রোডম্যাপ:
স্থায়ী রেসিডেন্সি: টানা ৫ বছর বৈধভাবে বসবাস/ব্যবসা পরিচালনা, নিয়মিত ট্যাক্স প্রদান এবং মৌলিক বসনিয়ান ভাষা শিখলে স্থায়ী বসবাসের (PR) আবেদন করা যায়। পিআর পেলে পরিবার ও সন্তানদের সাথে স্থায়ীভাবে থাকা, সন্তানদের বিনামূল্যে পড়ালেখা করানো এবং স্বাধীনভাবে কাজ/ব্যবসা করার সুযোগ মিলবে।
নাগরিকত্ব ও পাসপোর্ট: ৮ থেকে ১০ বছর পর বসনিয়ার পাসপোর্টের আবেদন করা যায়, যা দিয়ে ইউরোপের সেনজেন জোনসহ ১২১টি দেশে ভিসা-ফ্রি বা অন-অ্যারাইভাল ভ্রমণের সুবিধা পাওয়া যায়।
দ্বৈত নাগরিকত্বের বিষয়: বসনিয়া দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে না, তাই পাসপোর্ট পেতে হলে বাংলাদেশের নাগরিকত্ব ছাড়তে হতে পারে। তবে নাগরিকত্ব না নিয়ে আজীবন স্থায়ী রেসিডেন্সি (PR) নিয়েই পরিবারসহ নিরুপদ্রবে বসবাস করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
যা অবশ্যই মনে রাখতে হবে:
কাগজে কোম্পানি খোলা যাবে না: কেবল রেসিডেন্সি পাওয়ার জন্য ভুয়া বা ‘প্যাডের কোম্পানি’ খুললে আইনি জটিলতা ও ডিপোর্টেশনের ঝুঁকি রয়েছে; আসল লেনদেন ও ব্যবসা চালাতে হবে।
অন্য ইউরোপীয় দেশে পালানোর মানসিকতা পরিহার করুন: বসনিয়ায় গিয়ে অবৈধভাবে সেন্ট্রাল ইউরোপের দেশে পালিয়ে গেলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং ভবিষ্যতে অন্যদের ভিসা বন্ধ হয়ে যেতে পারে।
শীতের পূর্বপ্রস্তুতি: শীতকালে বসনিয়াতে তাপমাত্রা -১০° থেকে -১৫° সেলসিয়াসে নেমে আসে, তাই শীতের পোশাক ও হিটিং খরচের (মাসে ১০,০০০-২০,০০০ টাকা) প্রস্তুতি থাকা প্রয়োজন।
অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই: যেকোনো আবেদনের পূর্বে সরকারি ওয়েবসাইট sps.gov.ba থেকে সর্বশেষ ইমিগ্রেশন নিয়মাবলী যাচাই করে নিন।
তানজিল আহমেদ জনি/ প্রবাস/ ২৩ এপ্রিল ২০২৬
