চিলি স্টার্টআপ ভিসা: ইনোভেটিভ আইডিয়া থেকে নাগরিকত্ব!

আইইএলটিএস, স্পন্সরশিপ বা বড় ব্যাংক ব্যালেন্স ছাড়াই কি বিদেশে স্থায়ী বসবাস ও শক্তিশালী পাসপোর্ট অর্জন সম্ভব? দক্ষিণ আমেরিকার সবচেয়ে সমৃদ্ধ দেশ চিলি দিচ্ছে এমন এক বৈপ্লবিক সুযোগ।

আপনার একটি ইনোভেটিভ বিজনেস আইডিয়া থাকলে চিলি সরকার ২০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ফেরত-বিহীন গ্রান্ট (Grant) দিয়ে আপনাকে নিয়ে যাবে তাদের দেশে। মাত্র ২ বছরে স্থায়ী বসবাস (PR) এবং পরবর্তীতে ১৭৪টি দেশে ভিসামুক্ত ভ্রমণের জন্য আপনার হাতে থাকছে চিলির পাসপোর্ট। এ বিষয়ে বিস্তারিত লিখেছেন তানজিল আহমেদ জনি।

স্টার্টআপ চিলি কি?

চিলি হলো লাতিন আমেরিকার সবচেয়ে ধনী ও উন্নত রাষ্ট্র। ২০১০ সাল থেকে চিলি সরকার ‘স্টার্টআপ চিলি’ নামের একটি অফিসিয়াল প্রোগ্রাম পরিচালনা করে আসছে, যেখানে বিশ্বের ৮৫টিরও বেশি দেশ থেকে উদ্ভাবকরা অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকেও ইতোমধ্যে প্রায় ৪০-৫০ জন উদ্যোক্তা এই ভিসায় চিলিতে গেছেন।

এই প্রোগ্রামের সবচেয়ে বড় সুবিধা হলো—এখানে কোনো আইইএলটিএস (IELTS) লাগে না, বড় ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন হয় না এবং কোনো চাকরির অফারেরও বাধ্যবাধকতা নেই। আপনার বিজনেস আইডিয়া পছন্দ হলে সরকার আপনাকে ১৫,০০০ থেকে ১,০০,০০০ মার্কিন ডলার (প্রায় ২০ লাখ থেকে ১ কোটি টাকার বেশি) সরকারি ফান্ড/গ্রান্ট দেবে। এটি সম্পূর্ণ অফেরতযোগ্য অনুদান; এর জন্য সরকারকে কোম্পানির কোনো শেয়ার বা মালিকানা দিতে হয় না।

কারা আবেদন করতে পারবেন এবং কারা পারবেন না?

যারা আবেদন করতে পারবেন:

ইনোভেটিভ উ্যোক্তা (Start-Up Route): বয়স ১৮ বছরের বেশি হতে হবে এবং একটি ইনোভেটিভ বিজনেস আইডিয়া থাকতে হবে। প্রোটোটাইপ বা মূল প্রোডাক্ট থাকা বাধ্যতামূলক নয়, আইডিয়া স্টেজ থেকেও আবেদন করা যায়। আবেদনকারীকে কোম্পানির অন্তত ১০% মালিকানা ধরে রাখতে হবে এবং প্রোগ্রাম চলাকালীন ব্যবসায় পূর্ণ মনোযোগ দিতে হবে।

টেক প্রফেশনাল (Visa Tech): সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আইটি বিশেষজ্ঞদের ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে মাত্র ১৫ দিনে ভিসা টেক (Visa Tech) সুবিধায় ভিসা পাওয়া যায়।

যাদের জন্য এই পথ নয়:

যারা শুধু চাকরি বা ওয়ার্ক পারমিট খুঁজছেন।

যাদের অপরাধমূলক রেকর্ড (Criminal Record) রয়েছে।

প্রোগ্রাম চলাকালীন যারা সাইড-জব বা অন্য কাজ করার পরিকল্পনা করছেন।

ফান্ডিং পাওয়ার ৪টি গোপন চাবিকাঠি

আবেদন করলেই যে অনুদান পাওয়া যাবে তা নয়। প্রপোজাল লেখার সময় ৪টি মূল বিষয় অবশ্যই নিশ্চিত করতে হয়:

প্রযুক্তির ব্যবহার (Technology): সাধারণ কোনো ব্যবসার আইডিয়া দিলে হবে না; ব্যবসায় প্রযুক্তির ছোঁয়া থাকতে হবে। উদাহরণস্বরূপ—‘সাধারণ রেস্টুরেন্ট’ না দিয়ে যদি ‘এআই-ভিত্তিক হালাল ফুড ডেলিভারি অ্যাপ’ টাইপের সমাধান প্রপোজ করা হয়, তবে তা গ্রহণযোগ্যতা পায়। উদ্ভাবন (Innovation): চিলি বা লাতিন আমেরিকান বাজারে বিদ্যমান কোনো গ্যাপ সমাধান করছে এমন নতুন আইডিয়া হতে হবে।

প্রসারণযোগ্যতা (Scalability): ব্যবসাটি শুধু চিলিতে সীমাবদ্ধ না রেখে পুরো লাতিন আমেরিকার ১৭টি দেশে সম্প্রসারণের পরিকল্পনা দেখাতে হবে।

শক্তিশালী টিম (Team): এককভাবে আবেদনের চেয়ে ২ জনের টিম থাকা ভালো—যেখানে একজন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের এবং অন্যজন বিজনেস ব্যাকগ্রাউন্ডের (যেমন: বিবিএ/এমবিএ) হবেন। টিমে কোনো নারী সহ-প্রতিষ্ঠাতা) থাকলে চিলি সরকার প্রকল্পের ৯০% ফান্ডিং বহন করে এবং প্রতিষ্ঠাতাকে মাত্র ১০% ফান্ড ম্যানেজ করতে হয়।

স্টার্টআপের ৩টি ক্যাটাগরি ও অনুদানের পরিমাণ

আপনার স্টার্টআপের বর্তমান অবস্থার ওপর ভিত্তি করে তিনটি ধাপে আবেদন করা যায়:

Build (বিল্ড): আইডিয়া পর্যায় বা প্রাথমিক ধাপে থাকা স্টার্টআপের জন্য। অনুদানের পরিমাণ ১৮,০০০ ডলার (প্রায় ২০ লাখ টাকা)।

Ignite (ইগনাইট): যাদের মিনিমাম ভ্যালিড প্রোডাক্ট (MVP) বা কিছু গ্রাহক (যেমন: হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অর্ডার গ্রহণ) রয়েছে। অনুদানের পরিমাণ ৩০,০০০ ডলার (প্রায় ৩৫ লাখ টাকা)।

Growth (গ্রোথ): অলরেডি চালু থাকা সফল স্টার্টআপের বিশ্বব্যাপী প্রসারের জন্য। অনুদানের পরিমাণ ১,০০,০০০ ডলার (প্রায় ১ কোটি টাকার বেশি)।

আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক এবং প্রধানত ৩টি ফাইল লাগে:

১. বিজনেস প্ল্যান: ইংরেজি বা স্প্যানিশ ভাষায় স্পষ্ট করে পুরো প্রপোজাল লিখতে হবে (বাংলায় জমা দিলে রিজেক্ট হবে)।

২. টিম সিভি (CV): প্রতিটি অভিজ্ঞতা STAR মেথডে (Situation, Task, Action, Result) গুছিয়ে লিখতে হবে।

৩. রিকমেন্ডেশন লেটার: বিশ্বস্ত মাধ্যম থেকে সুপারিশপত্র নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কোনো ইনভেস্টর/মেন্টর অথবা স্টার্টআপ চিলির সাবেক কোনো অ্যালুমনাই (যাদের লিঙ্কডইনে খুঁজে পাওয়া যায়) থেকে লেটার নেওয়া সবচেয়ে কার্যকর। লেটারে ৪টি বিষয় থাকতে হবে—আপনাকে কতদিন ধরে চেনেন, আপনার দক্ষতা, প্রজেক্ট সম্পর্কে মতামত এবং কেন আপনি এই প্রোগ্রামের জন্য যোগ্য।

নির্বাচন, ভিসা প্রক্রিয়া ও খরচের হিসাব

নির্বাচিত হওয়ার পর ভিসার জন্য যেসব পদক্ষেপ ও আনুমানিক খরচ প্রযোজ্য:

প্রয়োজনীয় ডকুমেন্ট: অন্তত ২৪ মাস মেয়াদের পাসপোর্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাপোস্টাইল (Apostille) সিলযুক্ত পুলিশ ক্লিয়ারেন্স সনদ।

বায়োমেট্রিক ও ভিসা: বাংলাদেশে চিলির দূতাবাস না থাকায় ভারতের নয়াদিল্লিতে চিলিয়ান এম্বেসিতে বায়োমেট্রিক দিতে হয় (৩ দিনের মধ্যে কাজ শেষ করা সম্ভব।

প্রসেসিং টাইম: ফাইল পর্যালোচনার পর ২৮ থেকে ৪৫ দিনের মধ্যে ইমেইলে পিডিএফ আকারে ভিসা চলে আসে।

প্রাথমিক খরচ ও ফান্ডিং পাওয়ার সময়: চিলিতে পৌঁছানোর পর প্রথম ৬ থেকে ৯ সপ্তাহ সরকারি অনুদানের টাকা হাতে পেতে সময় লাগে। তাই শুরুতে চলার জন্য অন্তত ২,০০০ ডলার (প্রায় ২ লাখ টাকা) নিজের সাথে রাখতে হয়।

মোট খরচের হিসাব: ঢাকা-দিল্লি আসা-যাওয়া ও থাকা-খাওয়া (২৫,০০০-৩০,০০০ টাকা), ভিসা ফি (৫,০০০-৬,০০০ টাকা), পুলিশ ক্লিয়ারেন্স ও এপোস্টাইল (৩,০০০-৪,০০০ টাকা), ডকুমেন্ট অনুবাদ (৮,০০০ টাকা), চিলির বিমান টিকিট (১.৫-২ লাখ টাকা) এবং শুরুতে থাকার খরচসহ সর্বমোট ৪ থেকে ৪.৫ লাখ টাকা প্রাথমিক খরচ হতে পারে।

স্থায়ী বসবাস (PR), পরিবার ও শক্তিশালী পাসপোর্ট

স্থায়ী রেসিডেন্সি (Residencia Definitiva): চিলিতে ২৪ মাস থাকার পর স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যায়। তবে প্রথম ২৪ মাসে বছরে ৯০ দিনের বেশি চিলির বাইরে থাকা যাবে না।

পরিবার নিয়ে যাওয়া: চিলিতে স্থায়ী হওয়ার পর স্ত্রী ও সন্তানদের স্পন্সর করে নিয়ে যাওয়া যায়।

পাসপোর্ট ও নাগরিকত্ব: চিলির পাসপোর্ট দিয়ে ১৭৪টিরও বেশি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়। বিশেষ করে যুক্তরাষ্ট্র (USA) ও কানাডায় ভিসা ছাড়া ভ্রমণের বিশেষ সুবিধা রয়েছে। এছাড়া চিলি দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করায় বাংলাদেশের পাসপোর্ট বহাল রেখেই চিলির পাসপোর্ট গ্রহণ করা সম্ভব।

ফাইল ৯০% শক্তিশালী করার ৫টি বিশেষ প্রো-টিপস

১. স্প্যানিশ ভাষায় বিজনেস প্ল্যান জমা দেওয়া: ইংরেজিতে দেওয়া যায়, তবে স্প্যানিশ ভাষায় প্রপোজাল জমা দিলে দ্রুত রিভিউ হয়।

২. পিডিএফ ফাইল সাইজ ৫ মেগাবাইটের নিচে রাখা: প্রতিটি সংযুক্ত ডকুমেন্টের আকার ৫ MB-এর কম হতে হবে (৭০% ফাইল এই ভুলের কারণে রিজেক্ট হয়)।

৩. পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপোস্টাইল সিল: পুলিশ ক্লিয়ারেন্সের ওপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপোস্টাইল সিল না থাকলে ফাইল সরাসরি বাতিল হবে।

৪. ২৪ মাসের শর্ত পূরণ: প্রথম দুই বছরে চিলির বাইরে বছরে ৯০ দিনের বেশি অবস্থান করা যাবে না।

৫. ইনভেস্ট চিলি হটলাইন: নির্বাচিত হওয়ার পর InvestChile হটলাইনের মাধ্যমে ফাইলের আপডেট চেক করতে হবে।

তানজিল আহমেদ জনি/ প্রবাস/ নভেম্বর ২০২৫

You may also like...