মধ্যপ্রাচ্যের সেরা বিকল্প কাজাখস্তান!
বাংলাদেশি দক্ষ পেশাজীবীদের জন্য এবার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে মধ্য এশিয়ার অন্যতম অর্থনৈতিক পরাশক্তি কাজাখস্থান। মাত্র ২ কোটি জনসংখ্যার এই বৃহত্তম অর্থনীতির দেশে রয়েছে ইউরোপীয় মানের জীবনযাত্রা এবং প্রায় ৭০% মুসলিম অধ্যুষিত হওয়ায় চমৎকার হালাল পরিবেশ।
যেখানে কাজের সুবিধার পাশাপাশি রয়েছে ৫ বছর পর পরিবারসহ স্থায়ী বসবাস এবং ১০ বছরে নাগরিকত্ব অর্জনের অনন্য সুযোগ। কোন কোন খাতে প্রতি মাসে আড়াই লাখ টাকা পর্যন্ত বেতনের সুযোগ রয়েছে, কীভাবে কাঙ্ক্ষিত চাকরি খুঁজে পাবেন এবং ভিসা পাওয়ার সঠিক প্রক্রিয়া কী—তা নিয়ে বিস্তারিত লিখেছেন তানজিল আহমেদ জনি।
কাজাখস্তান কেন বাংলাদেশি কর্মীদের জন্য নতুন গন্তব্য?
আমাদের দেশের অনেক কর্মী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দীর্ঘকাল কাজ করলেও সেখানে স্থায়ী নাগরিকত্ব বা পরিবার নিয়ে বসবাস করার সুযোগ পান না; মেয়াদ শেষে খালি হাতেই ফিরে আসতে হয়। কিন্তু আয়তনে পৃথিবীর ৯ম বৃহত্তম দেশ কাজাখস্থানে জনসংখ্যা মাত্র ২ কোটি। খনিজ সম্পদে সমৃদ্ধ বিশাল এই ভূখন্ডের অর্থনীতিতে দক্ষ জনবলের বিপুল ঘাটতি রয়েছে।
কাজাখস্তানের প্রধান সুবিধাসমূহ:
ধৰ্মীয় ও সামাজিক পরিবেশ: দেশের প্রায় ৭০% মানুষ মুসলিম, যা বাজারে সহজে হালাল খাবার এবং কর্মক্ষেত্রে ধর্মীয় পরিবেশের স্বস্তি নিশ্চিত করে।
উন্নত জীবনমান ও প্রাকৃতিক সৌন্দর্য: আলমাটি ও আস্তানার মতো আধুনিক শহর, তুষারাবৃত টায়ানশান পর্বতমালা এবং ইউরোপীয় ধাঁচের অবকাঠামো বিদ্যমান।
পরিবারসহ স্থায়ী আবাসন: ৫ বছর বৈধভাবে কাজের পর পরিবারসহ পারমানেন্ট রেসিডেন্সি (PR) এবং ১০ বছর পর কাজাখ পাসপোর্টের (যা দিয়ে ৭৮টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণ সম্ভব) আবেদন করার সুযোগ।
চাকরির প্রধান খাতসমূহ ও সম্ভাব্য বেতন:
ভিডিওর বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশীদের জন্য যে খাতগুলোতে সবচেয়ে বেশি সুযোগ রয়েছে:
আইটি ও সফটওয়্যার: ডেভলপার, ডিজাইনার ও ডিজিটাল মার্কেটারদের জন্য বেতন ১,১০,০০০ টাকা থেকে ২,০৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
নির্মাণ ও সিভিল ইঞ্জিনিয়ারিং: রাজধানী আস্তানাসহ বড় শহরের অবকাঠামো উন্নয়নে দক্ষ শ্রমিক ও টেকনিশিয়ানদের বেতন ৪৫,০০০ টাকা থেকে ১,১০,০০০ টাকা।
তেল, গ্যাস ও খনিজ সম্পদ: টেকনিক্যাল ও সিনিয়র পদের জন্য বেতন ১,৫০,০০০ টাকা থেকে ৩,৫০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
গার্মেন্টস ও ম্যানুফ্যাকচারিং: অভিজ্ঞ কর্মীদের বেতন ৩৫,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা।
হোটেল ও হসপিটালিটি: সাধারণ পদের ক্ষেত্রে ৩৫,০০০ থেকে ৫৫,০০০ টাকা হলেও পেশাদার শেফদের বেতন ১ লাখ টাকার বেশি ছাড়িয়ে যায়।
পরামর্শকের সহযোগিতায় কীভাবে সরাসরি চাকরি পাবেন?
কাজাখস্তানে ভিসার আবেদনের প্রধান শর্ত হলো এমপ্লয়ারের কাছ থেকে অফার লেটার ও ওয়ার্ক পারমিট পাওয়া।
জব পোর্টাল: কাজাখস্তানের সবচেয়ে বড় সরকারি নিবন্ধিত জব পোর্টাল HH.kz এবং পেশাদার নেটওয়ার্ক LinkedIn-এর মাধ্যমে সরাসরি নিয়োগকর্তার সাথে যোগাযোগ করা যায়।
আইনি সুরক্ষা: কাজাখস্তানের শ্রম আইন অনুযায়ী, ওয়ার্ক পারমিটের যাবতীয় অফিশিয়াল খরচ সম্পূর্ণ নিয়োগকর্তা বহন করবেন। যদি কোনো এজেন্ট বা কোম্পানি ওয়ার্ক পারমিটের জন্য মোটা অংকের টাকা দাবি করে, তবে তা স্ক্যাম হতে পারে।
ভিসা আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র (C3 Work Visa):
বর্তমানে বাংলাদেশিদের জন্য ই-ভিসা বন্ধ থাকায় ভারতের নয়াদিল্লিতে অবস্থিত কাজাখ দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে হয়। সরকারি ভিসা ফি মাত্র ৬০ মার্কিন ডলার (প্রায় ৭,০০০ টাকা) এবং প্রসেসিং টাইম ৫ থেকে ২০ কার্যদিবস।
প্রয়োজনীয় কাগজপত্র:
অন্তত ৬ মাসের মেয়াদসহ মূল পাসপোর্ট ও ছবি।
এমপ্লয়ারের অফার লেটার ও ওয়ার্ক পারমিটের কপি।
৩-৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট ($৫০০-$১০০০ সমপরিমাণ ব্যালেন্স)।
পুলিশ ক্লিয়ারেন্স ও নিবন্ধিত হাসপাতাল থেকে মেডিক্যাল সার্টিফিকেট।
শিক্ষা সনদের সত্যায়ন (প্রয়োজনে রুশ ভাষায় অনুবাদ)।
৩০০ ডলারের মেডিক্যাল কাভারেজসহ ট্রাভেল ইন্স্যুরেন্স ও আকর্ষণীয় কাভার লেটার।
জীবনযাত্রার খরচ ও প্রাথমিক কাজগুলো:
আলমাটি বা আস্তানায় পৌঁছানোর পর প্রথম সপ্তাহে নিচের কাজগুলো সম্পন্ন করা বাধ্যতামূলক:
IIN (ইন্ডিভিজুয়াল আইডেন্টিফিকেশন নাম্বার) গ্রহণ: ব্যাংকিং ও সরকারি সেবার জন্য আবশ্যক।
ঠিকানা নিবন্ধন: প্রবেশের ৩ কার্যদিবসের মধ্যে মাইগ্রেশন সার্ভিসে ঠিকানা নোটিফাই করা।
ব্যাংক অ্যাকাউন্ট খোলা: Kaspi Bank বা Halyk Bank-এ অ্যাকাউন্ট খোলা।
TRP (Temporary Residence Permit) সংগ্রহ: এটি দেশে অবস্থানের মূল আইনি দলিল।
স্থায়ী আবাসন ও সতর্কবার্তা:
PR ও স্কোরিং সিস্টেম: ৫ বছর টিআরপি নিয়ে কাজের পর স্থায়ী নাগরিকত্বের (PR) আবেদন করা যায়। ২০২৬ সালের নতুন নিয়মে শিক্ষা, কাজের অভিজ্ঞতা, স্বাস্থ্য ও সামাজিক আচরণের ওপর ভিত্তিক করে ডিজিটাল স্কোরিংয়ের মাধ্যমে পিআর মূল্যায়ন করা হয়।
দ্বৈত নাগরিকত্ব নয়: কাজাখস্তান ডুয়েল সিটিজেনশিপ বা দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না; তাই ১০ বছর পর নাগরিকত্ব নিতে হলে বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হবে। তবে শুধু PR নিয়েও আজীবন পরিবারের সাথে বসবাস ও সন্তানকে বিনামূল্যে সরকারি স্কুলে পড়ানোর সুযোগ পাওয়া যায়।
যা অবশ্যই মনে রাখতে হবে:
কাজাখ ও রুশ দুটিই সরকারি ভাষা। মৌলিক রুশ ভাষা শিখলে কাজের বেতন ৩০% থেকে ৫০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কখনো ট্যুরিস্ট ভিসায় কাজাখস্তানে কাজ করতে যাওয়া উচিত নয়; ধরা পড়লে জরিমানা, ডিপোর্টেশন এবং ৩-৫ বছরের এন্ট্রি ব্যান হতে পারে। অন্যদিকে কাজাখস্তানে গিয়ে শেয়ার রুমে থেকে নিজে রান্না করে খেলে মাসে ২৫,০০০ থেকে ৩৫,০০০ টাকার মধ্যে থাকা-খাওয়ার খরচ চালানো সম্ভব। ফলে ৫০,০০০ থেকে ১ লাখ টাকা আয় করলেও ভালো অংকের টাকা সঞ্চয় করা সম্ভব।
তানজিল আহমেদ জনি/ প্রবাস/ ২১ সেপ্টেম্বর ২০২৬
